শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের অবরোধকে বৃহস্পতিবার ‘সন্ত্রাস’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
গত রোববার থেকে নাবলুসের কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে রাখে। এর মধ্যে একটি বাড়ির মালিক একজন মার্কিন নাগরিক। বাসিন্দারা জানান, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই পরিবারকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের কর্মকাণ্ড ঘৃণ্য।’
তিনি আরো লিখেছেন, ‘এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’ হাকাবি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরাইল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র।
হাকাবির মতো একজনের কাছ থেকে এমন মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান যাজক। অতীতে তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে সমর্থন করেছেন। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরাইল। হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাও প্রত্যাখ্যান করেছেন।
গত বুধবার ইসরাইলি সামরিক বাহিনী সেখানে সৈন্য পাঠায়। তারা একটি তাঁবু সরিয়ে নেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা কম্বল নিয়ে সেখানে অবস্থান অব্যাহত রাখে। পরে বুধবার সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা নতুন একটি ব্যাটালিয়ন পাঠাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস ইসরাইলে হামলা চালানোর পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।
পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির মধ্যে ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপন করে আছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।