বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১২:০১

স্টাভ্রোপলের শিল্পাঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্টাভ্রোপল অঞ্চলের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগে। অঞ্চলের গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে  এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মস্কোর ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা আরও জোরদার করেছে।

স্টাভ্রোপল অঞ্চলের গভর্নর ভøাাদিমির ভøাাদিমিরভ টেলিগ্রামে বলেন, ‘স্টাভরোপলের কাছে শত্রুপক্ষের একটি ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।’ 
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘এই হামলায় শপাকোভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার শিল্পাঞ্চলে আগুন লেগেছে।’

ভ্লাদিমিরভ জানান, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পুরো অঞ্চলে এখনও ড্রোন হামলার সতর্কতা জারি রয়েছে। তিনি সকলকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান।

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার ভোরে টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, চার বছরের বেশি সময় ধরে নিজেদের ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক হামলার জবাবে এ ধরণের হামলা ন্যায্য প্রতিশোধ।

রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধিদের প্যারিসে বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ, ওয়াশিংটন তার মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের দিকে সরিয়ে নিয়েছে।