বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১২:৫৩

রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা না চালাতে রাশিয়াকে সতর্ক করতে এ সপ্তাহে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ মস্কো সফর করেছেন। বুধবার মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন।

ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়া ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা চালানো থেকে বিরত রাখতে র‌্যাটক্লিফ মস্কো সফর করেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা করা হয়েছে, মস্কো ন্যাটো জোটের সক্ষমতা পরীক্ষা করতে পারে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক বছরে পুতিন ‘সীমিত হামলার’ মাধ্যমে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সক্ষমতা পরীক্ষা করতে পারেন।

এ বিষয়ে মন্তব্য করার জন্য এএফপির একাধিক অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে, ট্রাম্প মঙ্গলবার র‌্যাটক্লিফের মস্কো সফরকে ‘আংশিক নিয়মিত’ সফর হিসেবে উল্লেখ করেন। এতে তিনি ইঙ্গিত দেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই গোয়েন্দা প্রধান রাশিয়ার রাজধানীতে গেছেন।

রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি সেখানে আছেন, একেবারেই নিয়মিত ধরনের সফর। মানুষকে হতাশ করতে চাই না। আমরা ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চাই।’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কো সফর করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে র‌্যাটক্লিফ অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

মস্কোর ইউক্রেন অভিযান জোরদারের মধ্যে তার এ সফর হলো। চলতি গ্রীষ্মে হামলা বেড়ে যাওয়ায় বেসামরিক মানুষের মৃত্যুও বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা থমকে আছে।

সিবিএস নিউজ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, র‌্যাটক্লিফ সফরে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার শুরু না হলে অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়ে তিনি সতর্ক করেছেন।

ক্রেমলিন বুধবার জানিয়েছে, মস্কো সফরে র‌্যাটক্লিফ রাশিয়ার বিশেষ নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ‘যোগাযোগ’ করেছেন। তবে তিনি প্রেসিডেন্ট ভøদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনকে আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা বলতে তিনি অস্বীকৃতি জানান।

পেসকভ বলেন,  ‘গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে যোগাযোগ নিজেই একটি ইতিবাচক অগ্রগতি। আমাদের সম্পর্কের সংকট সমাধানের প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়বে, তা বলার সময় এখনো আসেনি।’

সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে সিআইএ পরিচালক মস্কো সফর করেছিলেন। সে সময় উইলিয়াম বার্নস রাশিয়াকে ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছিলেন। কয়েক সপ্তাহ পর ক্রেমলিন ইউক্রেনে হামলা শুরু করে। পরে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ জড়িত ছিল। এর মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি একটি বড় বন্দিবিনিময়ও রয়েছে।

ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখল এবং ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ দাবিগুলো থেকে ক্রেমলিন সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে।

র‌্যাটক্লিফ ন্যাটোর সক্ষমতা পরীক্ষা নিয়ে রাশিয়ার সম্ভাব্য উদ্যোগ কিংবা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অভিযানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেনÑএমন ধারণাও ট্রাম্প নাকচ করে দেন।

মস্কোয় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের সফর নিয়ে গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলোর কোনোটি নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন না। তবে এর মধ্য থেকে কিছু বেরিয়ে আসতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ওই যুদ্ধের অবসান ঘটাতে খুব কঠোর পরিশ্রম করছি। সত্যি বলতে, এই মুহূর্তে উভয় যুদ্ধের অবসান দেখতে চাই।