বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১১:২৯

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) :  যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করতে পারেÑএমন ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য দেশটির বিভিন্ন  সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  দেওয়া এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট আকারের সামরিক নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, একমুখী (ওয়ান-ওয়ে) আক্রমণকারী ড্রোন এবং প্রথমবারের মতো একমুখী আক্রমণকারী সমুদ্র ড্রোন (ওয়ান-ওয়ে অ্যাটাক সি ড্রোন) ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হামলা প্রতিরোধের উদ্দেশ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।