শিরোনাম

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ড ও ভারত নিজেদের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে শনিবার একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ গঠনের ঘোষণা দিয়েছে| এর আওতায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা হবে|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের সময় এ ঘোষণা দেওয়া হয়|
গত এপ্রিলে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের পর অকল্যান্ডে মোদিকে স্বাগত জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও সুসংগঠিত করবে এবং এর পরিধি বাড়াবে|
খবর বার্তা সংস্থা এএফপি’র|
যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, নতুন অংশীদারিত্বের মাধ্যমে নৌ মহড়াসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে| পাশাপাশি বাণিজ্য, কূটনীতি, সংস্কৃতি, খেলাধুলা ও বিজ্ঞান খাতেও সম্পর্ক আরও শক্তিশালী হবে|
দুই দেশ জানায়, একটি ‘মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল’ গড়ে তোলার বিষয়ে তাদের অভিন্ন স্বার্থ রয়েছে| এ লক্ষ্য অর্জনে তারা সামুদ্রিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছে|
মোদির এই সফর ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত চলা একটি সফরের শেষ পর্যায়ের অংশ| এই সফরে তিনি ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াও সফর করেছেন|