বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৪:৫০

মাদক ও অস্ত্র মামলায় বিচারের জন্য সাবেক আফগান এমপিকে কেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) :  মাদক ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করতে কেনিয়া থেকে আফগানিস্তানের সাবেক একজন সংসদ সদস্যকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ|

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, আবদুল জহির কাদিরকে গত বছরের এপ্রিলে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে গ্রেফতার করা হয়| তার বিরুদ্ধে ‘বড় ধরনের আন্তর্জাতিক মাদক ও অস্ত্র ব্যবসার’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

বিচার বিভাগ জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাদির দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন| তিনি একসময় আফগান সীমান্ত বাহিনীর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন|

ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘আফগানিস্তানের রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি ব্যবহার করলেও আবদুল জহির কাদির বিপজ্জনক ও আসক্তিকর মাদক এবং ভারী অস্ত্রের ব্যবসার সঙ্গে যুক্ত একটি অপরাধী চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে|’

মামলার অভিযোগপত্র অনুযায়ী, কাদির যুক্তরাষ্ট্রে শত শত কেজি হেরোইন ও মেথামফেটামিন পাচারের বিষয়ে এক ব্যক্তির সঙ্গে আলোচনা করেছিলেন| ওই ব্যক্তি আসলে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর হয়ে কাজ করা একজন গোপন সহযোগী ছিলেন|

অভিযোগে আরও বলা হয়, কাদির শত শত ভারী মেশিনগান, অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড লঞ্চার, পিস্তল ও গ্রেনেড বিক্রির জন্য আলোচনাও করেছিলেন|

মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, ‘বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা করতে গিয়ে কাদির একটি পরীক্ষামূলক চালান হিসেবে দুই কেজি মাদক বিক্রি করেছিলেন, যা দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া হয়েছিল|’

তিনি বলেন, ‘কাদির জানতেন না যে ওই ক্রেতা আসলে ডিইএর সঙ্গে কাজ করা একজন ব্যক্তি ছিলেন|’

মাদক ও আগ্নেয়াস্ত্র আমদানির ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে কাদিরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে|