বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৪:৪৯

২৭ জুলাই চালু হচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু 

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তির মুখে পড়া কানাডা-যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত নতুন নির্মিত গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু আগামী ২৭ জুলাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন|

খবর বার্তা সংস্থা এএফপি’র| 

কানাডার অবকাঠামো মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় কানাডা ও মিশিগান আগামী ২৭ জুলাই গর্ডি হাউ আন্তর্জাতিক সেতুটি উদ্বোধনের বিষয়ে একমত হয়েছে|’

মন্ত্রণালয় আরও বলেছে, সেতুটি ‘কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ হিসেবে কাজ করবে এবং আগামীতে দশকের পর দশক ধরে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিলিয়ন ডলারের অবদান রাখবে|’

৪৭০ কোটি মার্কিন ডলার (৬৪০ কোটি কানাডীয় ডলার) ব্যয়ে নির্মিত এই ‘গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু’ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সঙ্গে কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরকে সংযুক্ত করবে| গত ২০১৮ সাল থেকে সেতুটির নির্মাণকাজ চলছিল|

শুক্রবার উদ্বোধনের তারিখ ঘোষণার আগে গত মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে কারিগরি জটিলতার কারণে সেতুটির উদ্বোধন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল|

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প সেতুটির উদ্বোধন ও কার্যক্রম পুরোপুরি আটকে দেওয়ার হুমকি দেন| তাঁর দাবি ছিল, সেতু নির্মাণে যুক্তরাষ্ট্রকে ন্যায্য সুবিধা দেওয়া হয়নি এবং এর মালিকানার ‘অন্তত অর্ধেক’ যুক্তরাষ্ট্রের হওয়া উচিত| 

উইন্ডসর-ডেট্রয়েট ব্রিজ অথরিটির প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, সেতুটির নির্মাণ ব্যয় পুরোপুরি কানাডা বহন করেছে| তবে সেতুটির মালিকানা যৌথভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হাতে থাকবে|

প্রয়াত কানাডীয় বংশোদ্ভূত ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) কিংবদন্তি খেলোয়াড় এবং ডেট্রয়েট রেড উইংসের তারকা গর্ডি হাউয়ের নামে সেতুটির নামকরণ করা হয়েছে| কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল|