বাসস
  ১০ জুলাই ২০২৬, ১২:৪৩

যুক্তরাষ্ট্রে মাদক মামলার মুখোমুখি মেক্সিকোর রাজনীতিক, আত্মগোপনের অভিযোগ প্রত্যাখ্যান

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : সহিংসতাকবলিত মেক্সিকোর সিনালোয়া রাজ্যের সাবেক গভর্নর রুবেন রোচা মোয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদকসংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তিনি আত্মগোপনে রয়েছেন- এমন অভিযোগ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছেন। মে মাস পর্যন্ত তিনি ওই রাজ্যের গভর্নরের দায়িত্বে ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত এপ্রিলের শেষ দিকে রোচা মোয়া এবং আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনে।

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাদক সরবরাহের জন্য তারা কুখ্যাত ‘সিনালোয়া কার্টেলের’ সঙ্গে যোগসাজশ করেছেন। কোনো দায়িত্বপালনরত মেক্সিকান রাজনীতিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অভিযোগ আনার ঘটনা এটিই প্রথম।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোচা মোয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকান শহরে নিজের বাড়িতেই আছি, কোথাও যাইনি। ফেডারেল এজেন্টরা আমাকে সুরক্ষা দিচ্ছেন না বা নজরদারিও করছেন না।’

সাম্প্রতিক দিনগুলোতে এমন অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয় যে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানে গ্রেফতার এড়াতে ফেডারেল নিরাপত্তা বাহিনী তাকে অন্য একটি স্থানে সরিয়ে নিয়েছে। তবে এ ধরনের কোনো অভিযানের পরিকল্পনার কথা জানা যায়নি।

রোচা মোয়া দাবি করেছেন, তিনি ‘গণমাধ্যমের আক্রমণ’ এবং ‘চরম ডানপন্থীদের প্রচারিত ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন।

৭৭ বছর বয়সী এই রাজনীতিক মে মাসে গভর্নরের দায়িত্ব থেকে সাময়িক ছুটি নেন, তবে পদত্যাগ করেননি।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং তার রাজনৈতিক পরামর্শদাতা ও সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের বামপন্থী দল মোরেনার সদস্য।

শেইনবাউম এর আগে জানিয়েছিলেন, রোচা মোয়া ফেডারেল নিরাপত্তা সুরক্ষা ছাড়াই নিজ বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে তিনি বলেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ‘প্রমাণ’ দিতে হবে।

সিনালোয়া কার্টেল মেক্সিকোর ছয়টি মাদক চক্রের একটি, যেগুলোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছেন।

সিনালোয়া নামের এই রাজ্যটি দুই উত্তর আমেরিকান দেশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি উত্তেজনাপূর্ণ ইস্যু হয়ে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে মেক্সিকো ঘোষণা করেছে, ২০০৪ সালে সিনালোয়া কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা ইসমায়েল  ‘এল মায়ো’ জাম্বাদাকে যুক্তরাষ্ট্রের গ্রেফতারের ঘটনা এবং এতে মেক্সিকোর সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।