শিরোনাম

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কলম্বিয়ার একটি বিমানবন্দরে গেরিলাদের ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন।
দীর্ঘদিন ধরে কোকেন চোরাচালান-সংক্রান্ত সহিংসতায় জর্জরিত এ অঞ্চলে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিবু বিমানবন্দরে চালানো এই হামলার জন্য বড় সক্রিয় গেরিলা গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’কে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনী জানায়, বিস্ফোরণে তিনজন কর্মী আহত এবং বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে।
সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলার জন্য ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
ইএলএন আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরোনো সক্রিয় গেরিলা সংগঠন।
মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রমের অর্থ জোগাড় করে থাকে।
এদিকে, দেশটির কট্টর ডানপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা আগামী ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে সামরিক শক্তি দিয়ে তাদের দমন করার ঘোষণা দিয়েছেন।