শিরোনাম

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এ তথ্য জানিয়েছেন।
‘ওশান অব পিস অ্যালায়েন্স’ চুক্তির মাধ্যমে ফিজি অস্ট্রেলিয়ার অল্প কয়েকটি চুক্তিভিত্তিক সামরিক মিত্রের একটিতে পরিণত হয়েছে। এই জোটে দুই দেশই ‘পারস্পরিক প্রতিরক্ষায়’ এগিয়ে আসতে বাধ্য থাকবে।
ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়া ও ফিজি জানায়, যেসব প্রশান্ত মহাসাগরীয় দেশের নিজস্ব সামরিক বাহিনী রয়েছে, তারা চাইলে এই জোটে যোগ দিতে পারবে।
লাক্সন বলেন, ‘ফিজি ও অস্ট্রেলিয়া এ সপ্তাহে সামরিক মিত্র হওয়ার অঙ্গীকার করেছে। নিউজিল্যান্ড এ সিদ্ধান্তকে স্বাগত জানায়।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক জোট রয়েছে, যা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে ফিজির সঙ্গেও আমাদের দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ একটি অঞ্চল গড়ে তুলতে আমরা ইতোমধ্যেই দুই দেশের সঙ্গে একযোগে কাজ করছি। তাই এই জোট নিয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়াটা যৌক্তিক।’
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতৃত্বে সমাধানের পক্ষে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের নেতারা অবস্থান নিয়েছেন। অস্ট্রেলিয়া, ফিজি ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে জোটের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হলে আমরা আরও ঘনিষ্ঠ অংশীদারে পরিণত হব।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ক্রিস পেঙ্ক বলেন, এই উদ্যোগ ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্য আরও জোরদারের একটি সুযোগ।’