বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৪:১৯

জব্দ স্বর্ণ ছাড়ের আহ্বান জানিয়ে রাজা চার্লসকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের চিঠি

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের রাজার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, যাতে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ ছাড় করা হয়। এই স্বর্ণ আমাদের জনগণের। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমাদের এই স্বর্ণ প্রয়োজন।’

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই দফা ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৮০০ জন নিহত হয়েছে। 

ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বহু আবাসিক ভবন ধসে পড়েছে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়েছে ও আরও হাজারো মানুষ এখনো নিখোঁজ রয়েছে।