বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৪:১২

ভারতে ইউরেনিয়াম সরবরাহের ‘ঐতিহাসিক’ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার: মোদি

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস/এএফপি) : ভারতের পারমাণবিক জ্বালানি খাতের রূপান্তরে প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহে অস্ট্রেলিয়ার সামনে একটি ‘ঐতিহাসিক’ সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উচ্চপর্যায়ের বৈঠকের আগে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী বছরগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন মোদি।

মেলবোর্ন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের প্রায় ২৮ শতাংশ অস্ট্রেলিয়ায় রয়েছে। তবে আইনি জটিলতা ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে ভারতে ইউরেনিয়াম রপ্তানি এতদিন বাধাগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মেলবোর্নে এক ব্যবসায়িক ফোরামে মোদি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম মজুদ ভারতের পারমাণবিক যাত্রার সঙ্গে সরাসরি যুক্ত।’

তিনি বলেন, ‘এই খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ।’

অনুষ্ঠানে দুই নেতা কিছু সময়ের জন্য বক্তব্য থামিয়ে একসঙ্গে সেলফি তোলেন। এ সময় আলবানিজকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

এর আগে আলবানিজ মোদিকে ‘দ্য বস’ বলে অভিহিত করেছিলেন। তিনি রসিকতা করে বলেছিলেন, মার্কিন রক সংগীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের চেয়েও বড় জনসমাগম টানতে পারেন মোদি।

বৃহস্পতিবারও দুই দেশের সম্পর্ক আরও জোরদারে মোদির নেতৃত্বের প্রশংসা করেন আলবানিজ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনার নেতৃত্ব এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।’

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দেশটিতে মোদির সমর্থকও বেড়েছে।

গত বছরের জুনে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় বিদেশে জন্ম নেওয়া বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী এসেছে ভারত থেকে।

‘বড় ধরণের জনসংখ্যাগত পরিবর্তন’-
অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের টিস্তা প্রকাশ এএফপিকে বলেন, ‘২০১৪ সালে অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসী সম্প্রদায় তুলনামূলকভাবে কম ছিল।’

তিনি বলেন, ‘কিন্তু ২০২৬ সালে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রবাসী সম্প্রদায়ে পরিণত হয়েছে। তারা সংখ্যায় ব্রিটিশদেরও ছাড়িয়ে গেছে। এটি জনসংখ্যার দিক থেকে বড় ধরণের পরিবর্তন।’

বৃহস্পতিবার দিনের শেষে মেলবোর্নের একটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। আয়োজকদের ধারণা, সেখানে ২০ সহস্রাধিক মানুষ উপস্থিত হতে পারেন।

তবে, মোদির এই সফরকে ঘিরে বিরোধিতাও দেখা গিয়েছে। সমালোচকদের অভিযোগ, তিনি ভারতে বিপজ্জনক ধরণের হিন্দু জাতীয়তাবাদকে উৎসাহিত করেছেন।

অস্ট্রেলিয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া জানিয়েছে, তারা স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করবে। তাদের দাবি, ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়টি তারা তুলে ধরবে।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় ভারতীয় অভিবাসনবিরোধী আরেকটি বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে মোদির নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।