শিরোনাম

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : অতিরিক্ত বন্দীর চাপ কমাতে পরিত্যক্ত একটি হাসপাতাল ভবনে নতুন কারাগার স্থাপনের পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা। দেশটির একটি অতিরিক্ত বন্দীতে ঠাসা কারাগারে দাঙ্গায় ২০ বন্দী ও ৮ কারারক্ষী নিহত হওয়ার পর বুধবার এ ঘোষণা দিয়েছে বিচার মন্ত্রণালয়।
কলম্বো খেকে এএফপি জানায়, সাম্প্রতিক প্রাণঘাতী এ সহিংসতার পর শ্রীলঙ্কার দীর্ঘদিনের অতিরিক্ত বন্দীসংকটে থাকা কারাগার ব্যবস্থা নতুন করে আলোচনায় এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির কারাগারগুলো তাদের ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দী নিয়ে পরিচালিত হচ্ছে।
বিচারমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা দ্বীপটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি পরিত্যক্ত হাসপাতালের একটি অংশ অধিগ্রহণ করে সেখানে অন্যান্য কারাগার থেকে বন্দী স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘গল জেলার মহামোদারায় নতুন কারাগার চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে হবে।;’ তবে তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।
রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে গত রোববার প্রতিদ্বন্দ্বী দুই অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ কারাগার দাঙ্গার কয়েক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
ওই সহিংসতায় মোট ২৮ জন নিহত এবং শতাধিক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বুধবার জাতীয় পতাকায় মোড়ানো নিহত কারারক্ষীদের কফিন কলম্বোতে কারা বিভাগের সদর দপ্তরে আনা হয়, যেখানে সহকর্মীরা তাদের শেষ শ্রদ্ধা জানান।
প্রাণঘাতী এ দাঙ্গার পর কলম্বোতে প্রকাশিত জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বন্দীসংখ্যা, সেকেলে ব্যবস্থাপনা এবং আটককেন্দ্রগুলোর নিম্নমানের পরিবেশ দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কারাগার ব্যবস্থার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে।’
এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির সময় দেশটির আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ বন্দী নিহত ও ১১৭ জন আহত হয়। ওই ঘটনার পর অতিরিক্ত বন্দীর চাপ কমাতে সরকার শত শত বন্দীকে মুক্তি দিয়েছিল।