শিরোনাম

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ তথ্য জানায়। মঙ্গলবারের এই ভূমিধসের ঘটনায় ৩৩ জন মাটিচাপায় আটকা পড়েন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে দাংচাং কাউন্টির রেনচাং গ্রামে ভূমিধস হয়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, দাংচাং কাউন্টির ভূমিধসস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণের জন্য কর্তৃপক্ষ ৩ কোটি ইউয়ান (প্রায় ৪৪ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।
চীনে বিশেষ করে গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে। এ সময় দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ দেখা দেয়।
এদিকে, ভূমিধসের একই দিনে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ১৭ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। দেশটির পানি সম্পদমন্ত্রী লি গোইয়িং সতর্ক করে বলেছেন, বুধবারও গুয়াংসি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংদংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।