শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইউরোপের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রশমনের আশায় ন্যাটোভুক্ত দেশগুলো মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হওয়া শীর্ষ সম্মেলনে, প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়টি তুলে ধরবে।
তুরস্কের বিশাল প্রেসিডেন্সিয়াল প্রাসাদে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ঠিক এক বছর আগে ট্রাম্পের চাপের মুখে ন্যাটোর সদস্য দেশগুলো জিডিপির ৫ শতাংশ নিরাপত্তা-সংশ্লিষ্ট খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।
আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউরোপীয় দেশগুলো সামরিক বাজেট বাড়িয়ে এবং রাশিয়ার হুমকির মুখে নিজেদের মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি নেওয়ার মাধ্যমে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।
সম্মেলনের আগের দিন তিনি আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘মাত্র এক বছরের মধ্যেই আমরা রূপান্তরমূলক অগ্রগতি দেখতে পাচ্ছি।’
ট্রাম্পকে সন্তুষ্ট করতে ন্যাটো বেশ কিছু দৃষ্টিনন্দন পরিসংখ্যান তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘এখনই নিজেদের সক্ষমতা দেখানোর সময়।’
মূল সম্মেলনের আগে মঙ্গলবার আয়োজিত প্রতিরক্ষা শিল্পবিষয়ক এক ফোরামে নেতারা কয়েক বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করবেন। এর মাধ্যমে ট্রাম্পকে দেখাতে চান, তারা শুধু প্রতিশ্রুতিই দিচ্ছেন না, তা বাস্তবায়নও করছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার কানাডা ঘোষণা দিয়েছে, তারা নতুন সাবমেরিন বহর নির্মাণের জন্য জার্মানির থিসেনক্রুপ মেরিন সিস্টেমসকে বেছে নিয়েছে। বহু বিলিয়ন ডলারের এই কর্মসূচিকে অটোয়া ইউরোপীয় ন্যাটো মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে।
তবে ইউরোপীয় দেশগুলো ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় ক্ষুব্ধ ট্রাম্প সম্মেলনের আগে থেকেই মিত্রদের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, তাদের প্রয়োজনীয় পদক্ষেপ খুব ধীরগতির।
গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘পারস্পরিক সহযোগিতা না থাকলে যুক্তরাষ্ট্রের জন্য এভাবে একতরফাভাবে এগিয়ে চলা হাস্যকর। আমাদের প্রয়োজনের সময় তারা আমাদের পাশে ছিল না!’
'মানসিকতায় প্রকৃত পরিবর্তন'-
ইউরোপীয় নেতারা অন্তত এমন কোনো বিরোধ এড়াতে চান, যা অনিশ্চিত স্বভাবের ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিতে পারে। কারণ, ট্রাম্প আগেও একাধিকবার মিত্রদের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এতে ন্যাটোর বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কূটনীতিকরা আশা করছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক এবং ন্যাটো মহাসচিব রুটের অব্যাহত কূটনৈতিক তৎপরতা ট্রাম্পকে শান্ত রাখতে সহায়ক হবে।
তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ একাধিক নেতার সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বিরোধের কারণে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে।
ইরান ইস্যুতে সহযোগিতার আগ্রহ দেখাতে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি নৌ-অভিযানের পরিকল্পনা করেছে। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি দেশ ওই অঞ্চলের কাছাকাছি তাদের যুদ্ধজাহাজও মোতায়েন করেছে।
তবে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ইউরোপীয় দেশগুলো তাদের নৌবাহিনী পাঠানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর চুক্তির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চায়।
ইউরোপীয় নেতারা আশা করছেন, ট্রাম্প সমঝোতার সুরে কথা বলবেন। তবে তারা ধীরে ধীরে এ বাস্তবতাও মেনে নিচ্ছেন যে, যুক্তরাষ্ট্র ক্রমেই তাদের এই জোট থেকে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে।
ওয়াশিংটন স্পষ্ট করে জানায়, ইউরোপীয় মিত্রদেরই মহাদেশের প্রচলিত প্রতিরক্ষার নেতৃত্ব নিতে হবে। সম্প্রতি তারা ন্যাটো কমান্ডারদের জন্য বরাদ্দ সামরিক সক্ষমতাও কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইউরোপীয় দেশগুলো প্রমাণ করতে চায়, তারা আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত। একই সঙ্গে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তিকে যতটা সম্ভব ন্যাটোর সঙ্গে সম্পৃক্ত রাখারও চেষ্টা চালাবে।
'জোরালো সিদ্ধান্ত'-
নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রেও প্রায় পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। কারণ, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সহায়তা কমিয়ে দিয়েছেন।
মঙ্গলবার নেতাদের নৈশভোজে অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ২০২৬ ও ২০২৭ সালে প্রতি বছর অন্তত ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পাবেন।
আঙ্কারা সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির। রাশিয়ার ভয়াবহ হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে ন্যাটোকে ‘জোরালো সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। এরপর জেলেনস্কি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, যুদ্ধে কিয়েভ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। একই সঙ্গে মস্কোকে আবারও অর্থবহ শান্তি আলোচনায় ফিরিয়ে আনতে ট্রাম্প যেন চাপ প্রয়োগ করেন, সে আহ্বানও জানাবেন।