বাসস
  ০৬ জুলাই ২০২৬, ২১:১১

এক্সবক্স পুনর্গঠনে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): ব্যয় সংকোচন এবং এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ সংখ্যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীর প্রায় ২ শতাংশ।

সোমবার মাইক্রোসফট জানায়, ছাঁটাইয়ের অংশ হিসেবে এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন করা হচ্ছে। আগামী অর্থবছরে গেমিং বিভাগ থেকে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। পাশাপাশি চারটি গেম স্টুডিওকে পৃথক করা বা বিক্রি করা হবে এবং আরও একটি স্টুডিওকে পর্যালোচনার আওতায় আনা হয়েছে, যার পরিণতিতে সেটি বন্ধও হয়ে যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে বিপুল বিনিয়োগের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানটির ধারাবাহিক গণছাঁটাইয়ের সর্বশেষ পদক্ষেপ এটি। এআই-সক্ষম ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে প্রযুক্তি কোম্পানিগুলো বর্তমানে কয়েক দশমিক বিলিয়ন (কয়েক হাজার কোটি) মার্কিন ডলার বিনিয়োগ করছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান সব কর্মীর উদ্দেশে পাঠানো এক বার্তায় বলেন, ‘আমাদের চারপাশের বিশ্ব যেমন বদলাচ্ছে, তেমনি আমাদের ব্যবসাও বদলাচ্ছে।’

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান তার শিল্পখাত পরিবর্তিত হবে কি না, তা নির্ধারণ করতে পারে না। তবে সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাবে কি না, তা নির্ধারণ করতে পারে।’

কোলম্যান জানান, ছাঁটাইয়ের বড় অংশই মাইক্রোসফটের বাণিজ্যিক কার্যক্রম এবং এক্সবক্স বিভাগে হয়েছে।

তিনি বলেন, বাদ দেওয়া পদগুলো ‘এআই দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে না’। তবে তিনি স্বীকার করেন, স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানজুড়ে কাজের ধরন বদলে দিচ্ছে।

বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে তিনি বলেন, গত সপ্তাহে ঘোষিত ২৫০ কোটি (২ দশমিক ৫ বিলিয়ন) মার্কিন ডলারের কর্মসূচির অংশ হিসেবে ৬ হাজার প্রকৌশলীকে বিভিন্ন করপোরেট গ্রাহক প্রতিষ্ঠানে যুক্ত করা হবে, যাতে এআই প্রযুক্তি গ্রহণে অনাগ্রহী গ্রাহকদের দ্রুত উৎসাহিত করা যায়।

এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আশা শর্মা কর্মীদের উদ্দেশে পৃথক এক বার্তায় জানান, তাৎক্ষণিকভাবে এক হাজার ৬০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। অবশিষ্ট ছাঁটাই ২০২৭ অর্থবছর পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হবে।

২০২৪ সালে প্রতিযোগিতা-সংক্রান্ত দীর্ঘ নিয়ন্ত্রক পর্যালোচনা শেষে ৬ হাজার ৮৭০ কোটি (৬৮ দশমিক ৭ বিলিয়ন) মার্কিন ডলারে অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর থেকেই এক্সবক্সে কয়েক দফা কর্মী ছাঁটাই হয়েছে।

শর্মা বলেন, এক্সবক্সের ব্যবসার বর্তমান অবস্থা ‘সুস্থ নয়’। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এ বিভাগের মুনাফার হার ‘তিন থেকে ১০ গুণ কম’।

তিনি দীর্ঘদিনের এক্সবক্স প্রধান ফিল স্পেনসারের স্থলাভিষিক্ত হয়েছেন। স্পেনসার চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর নেন। শর্মা ২০২৭ সালের মধ্যে বিভাগটিকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘ইতিহাসে এমন অনেক প্রতিষ্ঠানের উদাহরণ রয়েছে, যারা দীর্ঘদিন টিকে থাকাকেই নিজেদের অবধারিত ভবিষ্যৎ বলে মনে করেছিল। আমরা তাদের মতো হতে চাই না।’

পুনর্গঠনের অংশ হিসেবে চারটি স্টুডিও এক্সবক্স থেকে পৃথক হয়ে যাবে।

এর মধ্যে কমপালশন গেমস এবং ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালাবে। তারা নিজেদের মেধাস্বত্ব ও গেমের ক্যাটালগ নিজেদের কাছেই রাখবে।

অন্যদিকে নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস নতুন মালিকানায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নতুন মালিকেরা তাদের চলমান প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবেন।

এদিকে, ফ্রান্সে আরকেইন স্টুডিওর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মী পরিষদের (ওয়ার্কস কাউন্সিল) সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। 

শর্মার ভাষায়, সেখানে ‘সম্ভাব্য কৌশলগত বিকল্প’ পর্যালোচনা করা হবে। এ প্রক্রিয়ার ফলে স্টুডিওটি বিক্রি বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।