শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের প্রতি তুরস্কের কাছে তাদের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এ ধরনের বিক্রি মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করবে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি না, তাদেরকে (তুরস্ককে) এফ-৩৫ যুদ্ধবিমান কিংবা তাদের যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন দেওয়া উচিত। কারণ এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হবে। এ ভারসাম্য মূলত ইসরাইলের আকাশসামরিক শ্রেষ্ঠত্ব এবং আমার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের মাধ্যমে নিশ্চিত হয়।’
নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।