শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): চলতি সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের সমালোচনা করেছে ইতালি।
রোম থেকে এএফপি জানায়, রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি সম্পাদিত ছবি প্রকাশ করেন। ছবিতে মেলোনিকে এমনভাবে দেখানো হয়, যেন তিনি মুগ্ধ দৃষ্টিতে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। পোস্টটির সঙ্গে ট্রাম্প লেখেন, ‘নিয়ন্ত্রণমূলক আদেশ প্রয়োজন’।
এ বিষয়ে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্কাই টিজি২৪ সংবাদ চ্যানেলকে বলেন, ‘মানুষ আসে-যায়, কিন্তু রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক টিকে থাকতে হয়।’
পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও বলেন, ‘আমি নিশ্চিত, আটলান্টিকের দুই তীরের সম্পর্ক কোনো ব্যক্তির মন্তব্যের চেয়ে অনেক বড়।’
তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
গত মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের পরও ট্রাম্প মেলোনিকে লক্ষ্য করে সমালোচনা করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন এবং তিনি কেবল ‘করুণা করে’ তাতে রাজি হয়েছিলেন।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইতালি সমর্থন না দেওয়ার পর অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছিলেন মেলোনি।
সেই সময় মেলোনি বলেছিলেন, ‘এ ধরনের ধারাবাহিক ও বিনা উসকানিতে করা আক্রমণের কোনো অর্থ নেই।’
তিনি আরও বলেন, ‘আপনার বন্ধু হওয়াটা আমার জনপ্রিয়তা বাড়াতে মোটেও সহায়ক হয়নি।’
ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি পরামর্শ দেব, আপনি আপনার নিজের জনপ্রিয়তার দিকেই মনোযোগ দিন।’
ইউরোপ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কট্টর ডানপন্থী নেত্রী মেলোনি। তবে সাম্প্রতিক সময়ে তিনি ট্রাম্পের কাছ থেকে ক্রমেই দূরত্ব বজায় রাখছেন।
এদিকে, চলতি সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ৩২ সদস্যবিশিষ্ট ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনায়ও সরব রয়েছেন ট্রাম্প।