বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১২:০০

আগামী ২০ জুলাই বিদায়ী ভাষণ দেবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো 

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি আগামী ২০ জুলাই প্রকাশ্যে জনগণের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি সামাজিক সংস্কার অব্যাহত রাখতে এবং জনগণকে গণবিক্ষোভে অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, ‘আমি আপনাদের ২০ জুলাই এর গণআন্দোলনে অংশ নিতে এবং কুচকাওয়াজ শেষে কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমার বিদায়ী বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি।’

তার এই ব্যতিক্রমী ঘোষণা এসেছে ক্ষমতা হস্তান্তরের আগে। নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়ে নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন এসপ্রিয়েলা এবং গত মাসে পেত্রোর রাজনৈতিক উত্তরসূরি ইভান সেপেদাকে পরাজিত করেন।

পেত্রো ওই পোস্টে আরও বলেন, ‘আমরা এটি ৬ বা ৭ আগস্ট করব না, কারণ ওই তারিখটি আমাদের জন্য দুঃখের। আমরা ২০ জুলাই দেশের প্রতিটি জনসমাবেশে এটি পালন করব।’

পেত্রো একই দিনে ‘স্বাধীনতার জন্য এবং সামাজিক সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সাধারণ জনগণের গণসমাবেশ’ করারও আহ্বান জানান। ওই দিনটি কলম্বিয়ার জাতীয় ছুটির দিন এবং নতুন সংসদের উদ্বোধন অনুষ্ঠিত হবে, যেখানে বামপন্থীরা এখনো সবচেয়ে বড় রাজনৈতিক জোট হিসেবে রয়েছে।