শিরোনাম

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় লাখ লাখ মার্কিন নাগরিক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সুইমিং পুলগুলোতে ছিল উপচে পড়া ভিড়, আর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটির পুরোটাজুড়ে দেশের বড় বড় শহরগুলোতে বিপজ্জনক মাত্রার তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহ উত্তর-পূর্বাঞ্চলেও আরও তীব্র আকার ধারণ করেছে। এর ফলে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, ২ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্কে তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে, যা কয়েক দশকের পুরোনো রেকর্ড ভেঙেছে।
এদিকে, ওয়াশিংটনে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এটি ১৮৯৮ সালের একই দিনের রেকর্ড অতিক্রম করেছে।
আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা যোগ হওয়ায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে।
এনডব্লিউএস সতর্ক করে বলেছে, মধ্য-আটলান্টিক অঞ্চলে ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
এমন পরিস্থিতিতে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ছুটি উপলক্ষে দেশজুড়ে খোলা আকাশের নিচে অসংখ্য অনুষ্ঠান এবং বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে বিশেষ করে বিকেলের সবচেয়ে তাপপ্রবাহের সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রতিবেশীদের, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের খোঁজ নেওয়া, স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করা এবং যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নেই, তাদের নিকটস্থ শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্কের অনেক বাসিন্দা পোষা কুকুর নিয়ে সকালেই হাঁটতে বের হন, কারণ পরে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে এবং উত্তপ্ত পিচঢালা সড়ক তাদের পোষা প্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
তবে ডেলিভারি কর্মী, নির্মাণশ্রমিকসহ অনেকেরই কাজের প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেই বাইরে থাকতে হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ শত শত সরকারি ভবনকে ‘কুলিং সেন্টার’ হিসেবে চালু করেছে। সরকারি সুইমিং পুলের সময় বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খোঁজ নিতে স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে মিস্টিং ফ্যান ও ভেজা তোয়ালাসহ অস্থায়ী শীতলীকরণ কেন্দ্র চালু করা হয়েছে।