শিরোনাম

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াই জোরদারের উপায় নিয়ে বুধবার বৈঠক করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত ও উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ডানপন্থী জনতাবাদী নেতাদের ক্ষমতায় যাওয়ার প্রচারে ইস্যুটি ছিল অন্যতম প্রধান বিষয়।
কাস্ত ও ওরসি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এর একদিন আগে তারা প্রতিবেশী প্যারাগুয়েতে অনুষ্ঠিত আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের শীর্ষ সম্মেলনে অংশ নেন।
মন্টেভিডিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কাস্ত আশা প্রকাশ করেন, শক্তিশালী মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে অপরাধ দমন বিষয়ক একটি চুক্তিতে চিলির সঙ্গে শিগগিরই উরুগুয়ে ও প্যারাগুয়েও যোগ দেবে।
ওরসির সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে কাস্ত বলেন, ‘সংঘবদ্ধ অপরাধকে একটি দেশ থেকে নির্মূল করা সম্ভব। তবে এই অভিশাপ দূর করতে হলে সব দেশের একই ধরণের আইন ও নীতিমালা থাকতে হবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে কাস্ত গত ডিসেম্বরে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারের মূল বিষয়। তার দাবি, অবৈধ অভিবাসনের মাধ্যমে মাদক ও সন্ত্রাসী চক্র চিলিতে প্রবেশ করেছে। ল্যাটিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি হলো চিলি।
গত এক দশকে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যাকা-ের হার দ্বিগুণ হয়ে ৫ দশমিক ৪-এ পৌঁছেছে। উরুগুয়েতে এ হার প্রায় দ্বিগুণ বেশি।