বাসস
  ২১ মার্চ ২০২৬, ১১:১৫

বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের হামলা

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

শনিবার ভোরে এ হামলা শুরু হয়। এর আগে শহরের কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করা হয়। 

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা শুরু করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর থেকে লেবাননজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল সেনাও মোতায়েন করা হয়েছে।

শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী বর্তমানে বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

এর আগে এক সামরিক মুখপাত্র বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানান। এ অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণে সীমান্তসংলগ্ন এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, উপকূলীয় শহর টাইর ও সীমান্তবর্তী নাকৌরাতেও রাতে একাধিক হামলা হয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা লেবাননের দক্ষিণে ছয়টি গ্রামে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে রকেট হামলা চালালে সেখানে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের প্রস্তাবিত যুদ্ধবিরতি উদ্যোগে সমর্থন জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ছাড়া কোনো বিষয়ের সমাধান হয় না।’

তবে তিনি মনে করেন, ইসরাইল এখনই হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি।

রাষ্ট্রদূত বলেন, এর অর্থ হলো- এই পরিস্থিতিতে লেবাননকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ইসরাইলের সঙ্গে কোথায় গিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ যুদ্ধে দেশটিতে হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, লেবাননের দক্ষিণে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন।