বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৯:১৪

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সোমবার পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিনের আলোকে নিচে তুলে ধরা হলো:

ইরানে নতুন হামলা

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের তেহরান, শিরাজ ও তাবরিজ শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর এই হামলা চালানো হলো।

এএফপি’র এক সাংবাদিক জানান, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিকল্প ভাবছে যুক্তরাজ্য 

কিয়ার স্টারমার বলেছেন, লন্ডন মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে যাতে হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য একটি ‘কার্যকর’ পরিকল্পনা তৈরি করা যায়।

তিনি বলেন, ব্রিটেন নিজেদের ও মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না।

অন্যদিকে জার্মানি জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটো-র ‘কোনো সম্পর্ক নেই’ এবং এটি ন্যাটোর যুদ্ধ নয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের মুখপাত্র বলেন, ‘ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য একটি প্রতিরক্ষা জোট’ এবং বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েনের কোনো ম্যান্ডেট নেই।

হরমুজ অতিক্রম 

যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হলেও একটি অ-ইরানি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে নজরদারি সংস্থা মেরিন ট্রাফিক সোমবার জানিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘আবু ধাবি’র দাস অপরিশোধিত তেল বহনকারী ‘আফ্রাম্যাক্স’ শ্রেণির ট্যাংকার করাচি এআইএস সিগন্যাল চালু রেখে প্রণালীটি অতিক্রম করেছে। এতে ধারণা করা হচ্ছে, কিছু নির্দিষ্ট চালানের জন্য আলোচনার মাধ্যমে নিরাপদ পথ নিশ্চিত করা হচ্ছে।

ইরানের সতর্কবার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান প্রয়োজনে যুদ্ধ যতদূর গড়ায় ততদূর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমার মনে হয় এখন তারা ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা কেমন একটি জাতির মুখোমুখি হয়েছে, যে জাতি নিজেকে রক্ষায় দ্বিধা করে না এবং প্রয়োজন হলে যুদ্ধ যতদূর গড়ায় ততদূর নিয়ে যেতে প্রস্তুত।’

‘সীমিত’ অভিযান

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহের বিরুদ্ধে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

ইসরাইলি বাহিনী জানায়, ‘গত কয়েক দিনে আইডিএফ-এর ৯১তম ডিভিশনের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে।’

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি নেতাদের আলোচনা

মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা নিয়ে আলোচনা করেছেন এবং পারস্পরিক সংহতি ও সহানুভূতি প্রকাশ করেছেন।

তারা সামরিক উত্তেজনা দ্রুত বন্ধ করা এবং কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দুবাইয়ে ফ্লাইট পুনরায় শুরু

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ‘ড্রোন-সম্পর্কিত ঘটনার’ কারণে কাছাকাছি একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর সাময়িকভাবে বন্ধ থাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

পরে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একটি ঢেউ প্রতিহত করছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার বৈঠকে লোহিত সাগরে চলমান নৌ মিশন সম্প্রসারণ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা করার বিষয়টি আলোচনা করবেন বলে জানিয়েছেন জোটের প্রধান কূটনীতিক কাজা কালাস।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ পুনরায় চালু করতে বিশ্ব শক্তিগুলোর ওপর চাপ দিচ্ছেন।

তেলের দাম আরও বাড়ল

সোমবার লেনদেনে ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম তিন শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

আমিরাতের তেল এলাকায় হামলা

সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরাহ তেল শিল্প এলাকায় একটি ড্রোন আঘাত হেনে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি আরবে ড্রোন প্রতিহত

সৌদি আরব জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে দেশের পূর্বাঞ্চলে ৬১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা

আবু ধাবি শহরের উপকণ্ঠে একটি ক্ষেপণাস্ত্র একটি গাড়িতে আঘাত করলে এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্বকাপে খেলবে ইরান

একজন এশীয় ফুটবল কর্মকর্তা জানিয়েছেন, চলমান যুদ্ধ সত্ত্বেও ইরানের পুরুষ ফুটবল দল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনা বজায় রেখেছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনর মহাসচিব উইন্ডসর পল জন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের জানামতে, ইরান খেলবে।’