বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৮:৩৮

হরমুজ প্রণালী চালুর ‘কার্যকর’ পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান কর্তৃক কার্যত বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করতে একটি ‘কার্যকর’ পরিকল্পনা প্রণয়নে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

লন্ডন থেকে এএফপি জানায়, সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আমাদের সব মিত্র দেশের সঙ্গে, ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করে, একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির জন্য কাজ করছি, যাতে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন করা যায় এবং অর্থনৈতিক প্রভাব কমানো যায়।’

স্টারমার আরও জানান, তিনি এ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের এবং আমাদের মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তবে আমরা বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ব না।’