শিরোনাম

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার প্যারিসে বাণিজ্য আলোচনায় বসেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
বেইজিং থেকে এএফপি জানায়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং-এর সঙ্গে বৈঠক করার কথা ছিল। এর তিন সপ্তাহেরও কম সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে তার সমকক্ষ শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’র সদর দপ্তরে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ব অর্থনীতির জন্য অস্থির এক সময়ে এই কূটনৈতিক যোগাযোগ হচ্ছে। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বেইজিং তেহরানের ঘনিষ্ঠ অংশীদার এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তবে একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলার সমালোচনাও করেছে।
২০২৫ সালের অধিকাংশ সময়জুড়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাণিজ্যযুদ্ধ চলেছে। তখন পারস্পরিক শুল্কের হার একপর্যায়ে তিন অঙ্কে পৌঁছেছিল এবং রপ্তানি নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ খনিজসম্পদের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়ার আশঙ্কা তৈরি করেছিল।
তবে গত অক্টোবর বুসান, দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর উত্তেজনা কিছুটা কমে আসে।
কিন্তু বুধবার যুক্তরাষ্ট্র চীনের শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এবং জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্তের ঘোষণা দেওয়ায় আবারও নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, প্যারিসে কর্মকর্তারা ‘পারস্পরিক উদ্বেগের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয় নিয়ে পরামর্শ’ করবেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে সঙ্গে নিয়ে আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে স্কট বেসেন্ট বলেন, দুই দেশের মধ্যে ‘অর্থনৈতিক সংলাপ’ এগিয়ে চলছে।
দুই দিনব্যাপী এই বৈঠককে চলতি মাসের শেষ দিকে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। তবে প্রচলিত রীতির মতোই বেইজিং এখনো ওই তারিখগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।