বাসস
  ১৫ মার্চ ২০২৬, ২০:০০

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ ঘটনাবলি প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদনের আলোক নিচে তুলে ধরা হলো:

অন্য দেশগুলোকে সতর্ক করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্যান্য দেশকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন যা ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে চলমান যুদ্ধের পরিসর আরও বিস্তৃত করতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে এক টেলিফোন আলাপে আরাকচি বলেন, অন্যান্য দেশকে ‘এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে যা সংঘাতের উত্তেজনা বাড়াতে বা এর বিস্তার ঘটাতে পারে।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তেজনা প্রশমনের আহ্বান যুক্তরাজ্যের 

যুক্তরাজ্যের এক মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করা এখন অত্যন্ত জরুরি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বৈশ্বিক তেল সরবরাহ সুরক্ষায় অন্য দেশগুলোর সহযোগিতা চেয়েছেন।

যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড বিবিসিকে বলেন, ‘এখন পরিকল্পনা হওয়া উচিত সংঘাতের উত্তেজনা কমানো।’

ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেপ্তার

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসরাইলের সঙ্গে সহযোগিতার সন্দেহে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সন্দেহে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

লেবাননে হামলায় অন্তত চারজন নিহত

রাতভর হামলায় দক্ষিণ লেবাননের অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকার। এদিকে ইসরাইল বলেছে, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উপকূলীয় শহর সাইদনের উত্তরের একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরাইল। এতে একজন নিহত হন এবং সেখানে আগুন ধরে যায়।

সাইদনের দক্ষিণ-পূর্বে আল-কাতরানি গ্রামে ইসরাইলের রাতভর আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

‘বিস্তৃত’ হামলা শুরু ইসরাইলের

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করেছে। ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রুইসরাইল যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর এই হামলা শুরু হলো।

কারাগারের নিরাপত্তা নিয়ে সতর্ক করল ইরাক

ইরাক সতর্ক করে বলেছে, বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলার কারণে কাছাকাছি একটি কারাগারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ওই কারাগারে ইসলামিক স্টেট গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের রাখা হয়েছে, যাদের সম্প্রতি সিরিয়া থেকে আনা হয়েছে।

তাদের বাগদাদের আল-কারখ কারাগারে রাখা হয়েছে, যা একসময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত আটককেন্দ্র ছিল এবং ‘ক্যাম্প ক্রপার’ নামে পরিচিত ছিল। এই কারাগারটি বাগদাদ বিমানবন্দরের কমপ্লেক্সের অংশ, যেখানে বারবার হামলার ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিনই ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলার দাবি করে আসছে।

যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর আশঙ্কা জেলেনস্কির 

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন চায় না যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটনের সমর্থন হারাতে হোক।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সহায়তা করার আগ্রহ দেখাচ্ছি’ এবং এ ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে আশা করি যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের প্রশ্ন থেকে মুখ ফিরিয়ে নেবে না।’

ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুমকি

ইরানের রেভল্যুশনারি গার্ড রোববার জানিয়েছে, তারা বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যা করবে’। এ তথ্য তাদের ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশ করা হয়েছে।

নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ 

পেন্টাগন এই সপ্তাহের শুরুতে পশ্চিম ইরাকে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমানের দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলার’ কারণে ঘটেনি।

নিহতরা হলেন: জন ক্লিনার (৩৩), এরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) এবং টাইলার সিমন্স (২৮)।

দক্ষিণ কোরিয়ার উদ্ধার অভিযান

দক্ষিণ কোরিয়া একটি সামরিক বিমান ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের ২০৪ জন নাগরিক এবং আরও সাতজন বিদেশিকে সরিয়ে নিচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তারা এই অভিযানকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে।

উদ্ধার করা ব্যক্তিরা রোববার বিকেলে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ

রোববার ভোরে বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির দুই সাংবাদিক।

বাহরাইন জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় দেশটিতে দুইজন নিহত হয়েছেন এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।