শিরোনাম

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : কারাগারে অসুস্থ বোধ করায় সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়েছে। এই কারাগারেই তিনি কুপ পরিকল্পনার অভিযোগে সাজা ভোগ করছেন। এ তথ্য জানিয়েছেন তার ছেলে।
ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, বোলসোনারোর ছেলে সিসনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বোলসোনারো এক্স-এ জানিয়েছেন, ‘আমার বাবা আবার হাসপাতালে যাচ্ছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিনি ঠান্ডা বোধ করেন এবং প্রচুর বমি করেন।’
২০২২ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা সংক্রান্ত রভূমিকার জন্য জাইর বোলসোনারো ২৭ বছরের কারাদণ্ড হয়। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতের পর থেকে তার স্বাস্থ্যের সমস্যা ক্রমাগত দেখা দিচ্ছে।
ব্রাজিলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত আছে অক্টোবর মাসে। কারাগারে থাকা সত্ত্বেও বোলসোনারো দেশের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার বড় ছেলে ফ্লাভিও বোলসোনারোকে দেশটির বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য ডানপন্থী প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বোলসোনারোর আইনজীবীরা সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যাতে যুক্তরাষ্ট্রের ব্রাজিল বিষয়ক নতুন উপদেষ্টা ড্যারেন বিটি ১৮ মার্চ কারাগারে বোলসোনারোকে দেখতে আসতে পারেন।
কিন্তু ব্রাজিল সরকার বৈঠকের বিরুদ্ধে সতর্ক করায় সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরায়স বৃহস্পতিবার এ অনুমতি বাতিল করেন।