শিরোনাম

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : চিলিতে নির্বাসিত স্বদেশিদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার রাজনৈতিক বিরোধী শিবিরের নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার সান্তিয়াগোর কেন্দ্রস্থলে হাজারো সমর্থকের সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো বুধবার কট্টর ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চিলি সফর করেন।
পরদিন উল্লসিত জনতার উদ্দেশে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রয়োজন আমাদেরকে, আমাদেরও আপনাদের প্রয়োজন। এখন শক্তভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়।
মাচাদোর আগমন উদযাপন করতে হাজারো ভেনেজুয়েলীয় সমর্থক পতাকা নাড়িয়ে এবং জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে সমাবেশে যোগ দেয়।
চিলির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৭ লাখ ভেনেজুয়েলীয় নাগরিক বসবাস করছে।
সমাবেশে অংশ নেওয়া ৫৩ বছর বয়সী ভেনেজুয়েলীয় নিরাপত্তা উপদেষ্টা বাউদানি গার্সিয়া এএফপিকে বলেন, এই সমাবেশ আমাদের হৃদয় ভরে দিয়েছে। (ভেনেজুয়েলার) শাসনব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং নতুন করে ফিরে আসার জন্য আমাদের ঘরবাড়ি পরিষ্কার করা শুরু করতে হবে।