শিরোনাম

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুক্রবার পর্যন্ত সর্বশেষ ঘটনাবলি নিয়ে প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন নিচে তুলে ধরা হলো:
বিক্ষোভ নিয়ে বিপ্লবী গার্ডের সতর্কবার্তা
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, দেশে যদি বিক্ষোভ শুরু হয় তবে তাদের প্রতিক্রিয়া জানুয়ারির তুলনায় ‘আরও কঠোর’ হবে। জানুয়ারিতে হাজারো মানুষ নিহত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ওমানে দুইজন নিহত
ওমানের উত্তরাঞ্চলের একটি শিল্প এলাকায় নিরাপত্তা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করলে দুইজন নিহত হন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
তেহরানে বিস্ফোরণ
রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণে শহর কেঁপে ওঠে। রাজধানীর উত্তর ও কেন্দ্রীয় অংশে কয়েক কিলোমিটার দূরে অবস্থানরত এএফপির সাংবাদিকদের বাসাবাড়িতেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়।
২০০ লক্ষ্যবস্তুতে হামলা
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক দিনে পশ্চিম ও মধ্য ইরানে ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল।
সৌদিতে দূতাবাস এলাকায় হামলার চেষ্টা
সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি দূতাবাসগুলোকে লক্ষ্য করে আসা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বৈরুতে হামলা
লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে ইসরাইলি হামলা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
শুক্রবার ভোরেও বৈরুতে হামলা অব্যাহত রাখে ইসরাইল। হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ না করলে লেবাননে সামরিক অভিযান বিস্তৃত করা এবং ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছে তারা।
দুবাইয়ে ভবনে আঘাত
মধ্য দুবাইয়ের একটি ভবনে প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ এসে পড়েছে বলে সরকার পরিচালিত গণমাধ্যম কার্যালয় জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের এই আর্থিক কেন্দ্র শহরটিতে বিস্ফোরণে বহু ভবন কেঁপে ওঠে এবং শহরের একটি কেন্দ্রীয় এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে এএফপির প্রতিবেদকরা জানান।
তেহরানে নতুন হামলা
ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরানের বিভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।
ফরাসি সেনা নিহত
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। চলমান যুদ্ধে এটি প্রথম ফরাসি সামরিক মৃত্যুর ঘটনা।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানপন্থি গোষ্ঠীগুলোর দায় স্বীকার করা একাধিক হামলা ওই অঞ্চলে হয়েছে, যেখানে জিহাদি বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বিদেশি বাহিনী অবস্থান করছে।
ইসরাইলে নতুন হামলা
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির উত্তরে দুইজন আহত হয়েছেন।
সৌদিতে ড্রোন ভূপাতিত
সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ডজনখানেক ড্রোন ভূপাতিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সৌদি আকাশসীমায় প্রবেশের পর ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ এর আগে অন্তত আরও ১৬টি ড্রোন ভূপাতিত করার খবর জানিয়েছিল কর্তৃপক্ষ।
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ইরাকে একটি মার্কিন কঈ-১৩৫ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। একই ঘটনায় জড়িত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড জানায়, ‘বিমানগুলোর একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি নিরাপদে অবতরণ করেছে। এটি শত্রুপক্ষ বা মিত্র বাহিনীর গুলিবর্ষণের কারণে ঘটেনি।’
প্রতিশোধের অঙ্গীকার
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, এই যুদ্ধে নিহত ইরানিদের জন্য প্রতিশোধ নেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপকের পড়া এক বিবৃতিতে এই কথা বলা হয়।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম হামলাগুলোতে তার বাবা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। কিছু ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তার অবস্থান ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে ‘সামনে এসে মুখ দেখাতে’ বলেছেন।
ট্রাম্পের মন্তব্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব দ্রুত এগোচ্ছে’।
হোয়াইট হাউসে তিনি বলেন, ‘এটি খুব ভালোভাবে এগোচ্ছে। আমাদের সামরিক শক্তি অতুলনীয়।’
বাসিজ চেকপোস্টে হামলা
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বিপ্লবী গার্ডের আধাসামরিক বাহিনী বাসিজ যে চেকপোস্টগুলো স্থাপন করেছিল, সেগুলোতে হামলা চালানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ দুর্বল করা।
পরে ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করা হয়েছে।
ইরাক-সিরিয়া সীমান্তে হামলা
বৃহস্পতিবার ইরাকুসিরিয়া সীমান্তের কাছে এবং রাজধানী বাগদাদে বিমান হামলায় ইরান-সমর্থিত অন্তত ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরা এএফপিকে জানিয়েছেন।
ইরাকি কর্তৃপক্ষ এসব হামলাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে। হামলার লক্ষ্য ছিল হাশেদ আল-শাবি বাহিনীর ঘাঁটি, যা আগে একটি আধাসামরিক সংগঠন ছিল এবং এখন নিয়মিত সেনাবাহিনীর অংশ। এতে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ব্রিগেডও অন্তর্ভুক্ত রয়েছে।