বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৩:০৪

ভেনেজুয়েলায় নতুন তেলমন্ত্রী নিয়োগ অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রড্রিগজ বুধবার দেশটির নতুন হাইড্রোকার্বনমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তেলসমৃদ্ধ দেশটিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদ। এর আগে ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো’র আমলে এই পদে দায়িত্ব পালন করেছিলেন রড্রিগজ নিজেই।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের সফরের অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ দেওয়া হল।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রড্রিগজ জানান, তিনি ‘পেট্রোলিয়াম প্রকৌশলী পাউলা হেনাওকে নতুন হাইড্রোকার্বনমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।’

তিনি বলেন, নতুন মন্ত্রীকে ‘আমাদের দেশের জ্বালানি শক্তিকে আরও এগিয়ে নেওয়া এবং জাতীয় তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের সার্বভৌম উন্নয়ন জোরদার করার’ দায়িত্ব দেওয়া হয়েছে।

পাউলা হেনাও ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএ -এ ২০ বছরেরও বেশি সময় কাজ করেছেন। এর আগে তিনি তেলবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

রড্রিগজের নেতৃত্বে ভেনেজুয়েলার সরকারে এটি সাম্প্রতিক আরেকটি বড় রদবদল। গত জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে আটক করার পর রড্রিগজ ক্ষমতা গ্রহণ করেন।

তিনি দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়েছেন। এটি ওয়াশিংটনের লক্ষ্যগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে, ক্যারিবীয় সাগরে নৌ অবরোধসহ নানা পদক্ষেপের মধ্যে রড্রিগজ বেসরকারি বিনিয়োগের জন্য খাতটি উন্মুক্ত করতে আইনগত সংস্কারও এগিয়ে নিচ্ছেন।

এদিকে ট্রাম্প প্রশাসন দেশটিতে কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি জ্বালানি কোম্পানিকে নিষেধাজ্ঞা শিথিলের অনুমতি দিয়েছে।