বাসস
  ১২ মার্চ ২০২৬, ১১:২৭

উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বাসস): গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় বুধবার দুটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি থাই মালবাহী জাহাজে তিনজন নাবিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে থাই পরিবহন কোম্পানি প্রেশাস শিপিং জানায়, থাই পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ জাহাজটিতে হামলার ঘটনায় তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন। তারা ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বুধবার জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটিতে হামলা চালানো হয়।