বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১০:১৫
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭

স্থল অভিযানের পাশাপাশি লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : লেবাননে ইসরাইলি হামলা বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। ইসরাইলি বাহিনী দেশটির বেশ কয়েকটি সীমান্ত শহরে প্রবেশ করেছে এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে এএফপি’র ফুটেজে ধরা পড়েছে। হামলার আগে ইসরাইলি সামরিক বাহিনী ওই শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে সতর্ক করে জানায়, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

এদিকে ইসরাইলের উত্তর সীমান্তে বারবার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হচ্ছে। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাবে গত সোমবার হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে লেবানন মধ্যপ্রাচ্য যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে।

হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম গত বুধবার এক ভাষণে লড়াই চালিয়ে যাওয়ার এবং হামলা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। 

তিনি জানান, তারা তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি হামলা চালিয়েছেন। বর্তমান সংঘাত শুরুর পর এটিই ছিল তার প্রথম ভাষণ। 

তিনি বলেন, ‘আমরা আগ্রাসনের মুখোমুখি। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, আমরা আত্মসমর্পণ করব না।’ 

তিনি আরও বলেন, ‘এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।’

লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ৭২ জন নিহত ও ৪৩৭ জন আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ।