শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রায় ৪০ বছর আগে এক মুদি দোকানের মালিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৬৫ বছর বয়সী মেলভিন ট্রটারকে ফ্লোরিডার পালমেটো শহরে ১৯৮৬ সালে ৭০ বছর বয়সী ভিরজি ল্যাংফোর্ডের মুদি দোকান ডাকাতির সময় হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হন।
রাজ্যের কারাগার বিভাগের তথ্য অনুযায়ী জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে (২৩১৫ জিএমটি) ট্রটারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে তিনটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ফ্লোরিডায় একটি, ওকলাহোমাতে একটি এবং টেক্সাসে একটি।
গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে বেশি। ২০০৯ সালে ৫২ জন বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ফ্লোরিডা ২০২৫ সালে ১৯টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এটি সবচেয়ে বেশি। এর পরের অবস্থান রয়েছে আলাবামা, সাউথ ক্যারোলিনা এবং টেক্সাস, যেখানে প্রত্যেকটিতে পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত বছরের মৃত্যুদণ্ডের মধ্যে উনত্রিশটি প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে করা হয়েছে।
এর মধ্যে তিনটি মৃত্যুদণ্ড গুলি বা ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে এবং পাঁচটি মৃত্যুদণ্ড নাইট্রোজেন গ্যাস প্রয়োগোর মাধ্যমে দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ডের পদ্ধতি হিসাবে নাইট্রোজেন গ্যাসের ব্যবহারকে নিষ্ঠুর এবং অমানবিক বলে নিন্দা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে, অন্য তিনটি রাজ্যে -- ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়া -- মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের একজন সমর্থক এবং তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই 'নিকৃষ্টতম অপরাধের জন্য' এর ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।