শিরোনাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহার রোধ করার লক্ষ্যে মালয়েশিয়া আজ সোমবার প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার জন্য নতুন আইন প্রণয়ন করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে বর্তমানে একজন প্রধানমন্ত্রী কত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন তার কোনও সীমা নেই।
দেশটির প্রাক্তন নেতা মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ এবং আবার ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দুই মেয়াদে ২৪ বছর ধরে দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতি মোকাবেলা এবং শাসনব্যবস্থা উন্নত করার জন্য মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত জানুয়ারিতে দুই মেয়াদের সীমা নির্ধারণের ঘোষণা দেন।
২০২২ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোট প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল।
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংস্কারের গতি ধীর হওয়ায় সমালোচনা চলছে এবং এই পদক্ষেপটিকে আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে শহুরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।
আনোয়ার গত সপ্তাহে বলেছেন যে, আইনটি বাস্তবায়িত হলে, এটি প্রথমে তার ওপর প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, পদে থাকা ব্যক্তিদের তাদের দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য ১০ বছরের সময়কাল যথেষ্ট।
তিনি বলেন, ‘আমি অন্যদের জন্য আইন তৈরি করব না। আইনটি প্রথমে আমার ওপর প্রয়োগ করতে হবে।’
প্রস্তাবিত পরিবর্তনটি পাস করার জন্য কমপক্ষে দুই-তৃতীয়াংশ আইন প্রণেতা, অথবা নিম্নকক্ষের ২২২টি আসনের মধ্যে ১৪৮ জনের অনুমোদন প্রয়োজন হবে।