শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসে নিখোঁজ নবম ও শেষ ব্যক্তির মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। স্থানীয় শেরিফ দফতরর এ তথ্য জানিয়েছে।
লেক তাহো এলাকার ৯ হাজার ১০৯ ফুট উচ্চতার ক্যাসল পিকে মঙ্গলবার ব্যাককান্ট্রি স্কি সফরে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
চারজন গাইড ও ১১ জন অর্থপ্রদানকারী স্কিয়ারের দলে ছয়জন বেঁচে ফিরেছেন। আধুনিক মার্কিন ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী তুষারধসগুলোর একটি।
নেভাডা কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘১৭ ফেব্রুয়ারি ক্যাসল পিক তুষারধসে প্রাণ হারানো নয়জনের মরদেহ নিরাপদে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।’
শেরিফ শ্যানান মুন বলেন, ‘এই ক্ষতির গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আমরাও শোকাহত।’
বৃহস্পতিবার কর্মকর্তারা সতর্ক করেছিলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা সপ্তাহের শেষ পর্যন্ত গড়াতে পারে।
বেঁচে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ক্লায়েন্ট ও একজন গাইড—দুর্যোগের কিছুক্ষণ পরই সহায়তার জন্য ফোন করতে সক্ষম হন। তবে তীব্র তুষারঝড়ের কারণে দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। আবার তুষারধসের ঝুঁকিও ছিল। ফলে উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ছয়জন নিহতের পরিবার জানায়, তারা সবাই নারী ছিলেন। তারা ছিলেন মা, স্ত্রী ও বন্ধু। প্রকৃতির প্রতি ভালোবাসাই তাদের একত্র করেছিল।
পরিবারগুলো জানায়, ‘তারা ছিলেন উৎসাহী ও দক্ষ স্কিয়ার। পাহাড়ে একসঙ্গে সময় কাটাতে তারা ভীষণ ভালোবাসতেন।’