বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮

নতুন সাধারণ ক্ষমা আইনের বিষয়ে উদ্বিগ্ন ভেনেজুয়েলার নাগরিকরা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় কারাবন্দি পরিবারগুলোকে গতকাল শুক্রবারও কারাগারের বাইরে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে দেখা গেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ যে নতুন সাধারণ ক্ষমা আইনটি জারি করেছে, তার ব্যাপারে অনেক অস্পষ্টতা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ গত বৃহস্পতিবার ঐক্যমতের ভিত্তিতে আইনটি পাস করেছে। ফলে আশা জাগাচ্ছে যে এই আইনের মাধ্যমে কয়েকশ রাজনৈতিক বন্দি শীঘ্রই মুক্তি পেতে পারেন।

বিরোধী দলের নেতারা আইনটির সমালোচনা করেছেন। কারণ আইনটিতে কিছু অপরাধ সংক্রান্ত ব্যাখ্যা রয়েছে, যা মাদুরোর  রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আগে ব্যবহার করা হতো বলে মনে হচ্ছে।

এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা বিদেশি শক্তির মাধ্যমে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘সশস্ত্র বা জবরদস্তি পদক্ষেপ’ প্রচার বা সহায়তা করেছে, তাদের জন্য এই ক্ষমা প্রযোজ্য হবে না।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। 

কোরিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনও এক সময়ে ভেনেজুয়েলায় ফিরে আসার আশা করছেন।

আইনটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘সন্ত্রাসবাদ’-সংক্রান্ত কার্যকলাপে দোষী সাব্যস্তদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়।

কারাকাসের কাছে রোডিও ১ কারাগারের বাইরে ৩৯ বছর বয়সী হিওয়াঙ্কা আভিলা এএফপিকে বলেন, ‘আমারা অনেকেই জানি যে সাধারণ ক্ষমা আইন আমাদের আত্মীয়দের আওতায় আনে না, যেখানে আটকদের অনেকেই সাবেক সৈনিক বা অফিসার।

তার ভাই ৩০ বছর বয়সী হেনরিবার্থ রিভাসকে ২০১৮ সালে সশস্ত্র ড্রোন ব্যবহার করে মাদুরোকে হত্যা প্রচেষ্টায় অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

জাতীয় পরিষদের ডেপুটি জর্জ আরেজা বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের সংশ্লিষ্ট মামলাগুলো সামরিক বিচার ব্যবস্থা দেখবে এবং প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদান করবে।