বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬

তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গতকাল শুক্রবার অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাজধানী ভিয়েনার বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রে রাজধানী ভিয়েনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। 

একইভাবে ২৩০টিরও বেশি আগত ফ্লাইটও ব্যাহত হয়েছে বা রুট পরিবর্তন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে সব যাত্রীর ফ্লাইট বিলম্বিত হয়েছে, তাদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

জাতীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার (প্রায় আট ইঞ্চি) তুষারপাত হয়েছে।

জাতীয় মোটরযান সংস্থা ওএএমটিসি জানিয়েছে, ‘ভিয়েনার দক্ষিণে প্রধান মহাসড়কটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। তুষার জমে রাস্তা ঢেকে যাওয়া, পণ্যবাহী ট্রাক আটকে পড়া ও ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে আরও কয়েকটি সড়কের অংশ সাময়িকভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। 

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর মধ্যে স্টাইরিয়া অঞ্চলে প্রায় ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কথা রয়েছে। তবে এখনও তুষার ধসের বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।