বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১

ভেনেজুয়েলা সফরে মার্কিন সাউদার্ন কমান্ড প্রধান: দূতাবাস

ঢাকা,  ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ আমেরিকার উপকূলে কথিত মাদকবাহী নৌযানে হামলার দায়িত্বে থাকা মার্কিন সামরিক কমান্ডের প্রধান বুধবার ভেনেজুয়েলা সফর করেছেন। তিনি অন্তর্বর্তী নেতা ডেলসি রড্রিগজ ও তার শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে সরকার।

ইউএস সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রন্সিস ডোনোভান অন্তর্বর্তী নেতা দেলসি রড্রিগজের সঙ্গে বৈঠক করেন। 

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাদো ক্যাবেলো’র সঙ্গেও তার আলোচনা হয়। সরকারের এক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সরকার জানায়, দুই দেশ মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অভিবাসন মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি কর্মসূচি প্রণয়নে একমত হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের এক প্রাণঘাতী সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল উচ্চপর্যায়ের প্রথম সফর।

ইউএস এমবেসি ইন ভেনেজুয়েলা এক্সে দেওয়া পোস্টে কারাকাসে ডোনোভানের একটি ছবি প্রকাশ করে জানানো হয়, মধ্য ও দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার দায়িত্বে থাকা এই কমান্ডার দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

ওয়াশিংটনের দাবি অনুযায়ী সাউথকমের অধীনে মাদকবাহী সন্দেহে নৌযানে কয়েক ডজন হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে প্রমাণ প্রকাশ করা হয়নি। এসব অভিযানে ১৩০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে।

মাদুরোকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ক্ষমতাচ্যুত করার পর পুনরায় কার্যক্রম শুরু করা দূতাবাস জানায়, ডোনোভান অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে ‘গঠনমূলক বৈঠক’ করেছেন।

দূতাবাস এক্সে জানায়, ‘নেতারা ভেনেজুয়েলার জনগণ, যুক্তরাষ্ট্র ও পশ্চিম গোলার্ধের কল্যাণে একটি মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভেনেজুয়েলা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি, প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ, বিশেষ করে ভেনেজুয়েলায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি পুরো পশ্চিম গোলার্ধে অভিন্ন নিরাপত্তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

তিন ধাপের পরিকল্পনার চূড়ান্ত ধাপ হিসেবে পূর্বে একটি বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভেনেজুয়েলায় উত্তরণের কথা বলা হয়েছে।

ডোনোভানকে গত ডিসেম্বরে ট্রাম্প নিয়োগ দেন। মাদুরো গ্রেফতারে অভিযানের কয়েকদিন আগেই তিনি দায়িত্ব পান।

মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রড্রিগজ ট্রাম্পের সম্মতিতে অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নেন। শর্ত ছিল, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ডোনোভান এমন এক অ্যাডমিরালের স্থলাভিষিক্ত হন, যিনি  নৌযান হামলার সমালোচক ।