শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আজ সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান তার সঙ্গে ছিলেন।
সকালে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভায় শুরুতে সেতু বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিভাগের বর্তমান কাজ এবং পাইপলাইনে থাকা নতুন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
সভায় মন্ত্রী শেখ রবিউল আলম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চলমান জনকল্যাণমূলক প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।
সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।
সভায় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গণমানুষের সরকার, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। সবার উপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ এসময় ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব বলেন, ‘মন্ত্রণালয়ের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাবে।’
সভায় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেতু কর্তৃপক্ষের পরিচালক, প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান মন্ত্রণালয়টি পরিদর্শন করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, অগ্রাধিকার প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরে মন্ত্রী রেল খাতের সেবা উন্নয়ন ও আধুনিকায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।