শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের ১ হাজার সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সিরিয়ার সরকার দেশটির ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণ করার পর এবং ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার অঙ্গীকার করার প্রেক্ষাপটে ওয়াশিংটন দেশটিতে তাদের উপস্থিতি শেষ করবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে একই পরিকল্পনার কথা জানিয়েছে।
সম্প্রতি মার্কিন বাহিনী সিরিয়ার আল-তানফ ও আল-শাদ্দাদি ঘাঁটিসহ কয়েকটি ঘাঁটি থেকে সরে যাওয়ার পর এই সিদ্ধান্ত এলো।
এই সব ঘাঁটি ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অভিযানে ব্যবহৃত হতো।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পর থেকে, ওয়াশিংটন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।
এ সময় যুক্তরাষ্ট্র কারাগারে আটক হাজার হাজার আইএস যোদ্ধাকে ইরাকে নিরাপদ কারাগারে স্থানান্তর করেছে।
একই সঙ্গে, ইরানের কাছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা জোরদার করছে। ইরানি কর্মকর্তারা যে কোনো হামলার জবাবে অঞ্চলটিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে অবরোধ করার হুমকি দিয়েছেন।
মার্কিন গণমাধ্যম বুধবার জানায়, ওয়াশিংটন আগামী সপ্তাহান্তের মধ্যেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত থাকতে পারে।
তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ করা হলে, পেন্টাগন তাতে কোনো সাড়া দেয়নি।