বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ স্বীকারে প্রস্তুত নয়: ভ্যান্স

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘রেড লাইন’ নির্ধারণ করেছেন, তার সবগুলো মানতে এখনো সম্মত হয়নি ইরান। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হলে শক্তি প্রয়োগের হুমকি দিলেও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথ খোলা রাখতে আগ্রহী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু দিক থেকে আলোচনা ভালো হয়েছে; তারা পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে।’

তবে তিনি যোগ করেন, ‘অন্যদিকে স্পষ্ট যে প্রেসিডেন্ট কিছু রেড লাইন নির্ধারণ করেছেন, যেগুলো ইরানিরা এখনো স্বীকার করতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়।’

ভ্যান্স বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব। তবে কূটনীতি কখন স্বাভাবিক সীমায় পৌঁছেছে বলে মনে করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। কিন্তু যদি যেতে হয়, সেটি হবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত।’