বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাসকাটে নতুন দফায় পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার ক’দিন পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মঙ্গলবার ওমানে পৌঁছেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠক করবেন। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদ সংস্থাটি জানায়, বৈঠকে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইরান ও ওমানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।

গত শুক্রবার ওমানে আবার সংলাপে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। গত বছরের জুনে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়।