বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২

ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ফরাসি আল্পস পর্বতে সোমবার পৃথক দুটি স্থানে তুষারধসে দুইজন স্কিয়ারের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। 

এর আগে সপ্তাহান্তে পৃথক এক তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা আরও দুই জন মারা যান। 
ফ্রান্সের ডিজোঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। 

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, গ্রেনোবলের কাছে সাঁ-আগ্নেস এলাকায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তবে এই ঘটনায় তার সঙ্গে থাকা আরেক স্কিয়ার অক্ষত রয়েছেন।

এ ছাড়া গ্যাপের কৌঁসুলি মারিয়ন লোজাকম্যুর এএফপিকে জানান, মনজেনেভর গ্রামের কাছে একটি অফ-পিস্ট এলাকায় স্কি করার সময় ‘অত্যন্ত বড়’ একটি তুষারধসে আরেক ব্যক্তি প্রাণ হারান। 

এই ব্যক্তির বয়স ত্রিশের কোঠায় বলে জানা গেছে।

এই ঘটনায় তার সঙ্গে থাকা অপর একজনও নিরাপদ রয়েছেন।

এই ঘটনাগুলোর আগে শনিবার ফরাসি আল্পসের সর্বোচ্চ গ্রাম হিসেবে পরিচিত সাঁ-ভেরাঁর কাছে একটি তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা দুই জন নিহত হন।

চলতি মৌসুমে এ পর্যন্ত ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে তুষারধসে অন্তত ২০ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।