বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন বিচার বিভাগ গতকাল শুক্রবার জানিয়েছে, গত জানুয়ারিতে ওহাইও অঙ্গরাজ্যে সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওহাইওর টলেডোর বাসিন্দা শ্যানন ম্যাথ্রেকে ‘ভাইস প্রেসিডেন্টের জীবন নেওয়ার এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ম্যাথ্রে বলেছেন যে তিনি ভাইস প্রেসিডেন্ট কোথায় থাকবেন, তা খুঁজে বের করবেন এবং এম১৪ স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে তাকে হত্যা করবেন। 

তবে, তিনি কোথায় এই মন্তব্যটি করেছিলেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

গতকাল শুক্রবার মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা ম্যাথরেকে গ্রেফতার করেছে।

ভ্যান্স জানুয়ারির শুরুতে বলেছেন, ‘মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি’ জানালায় হাতুড়ি দিয়ে তার ওহাইওর বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে। 

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভাইস প্রেসিডেন্ট এবং তার পরিবার সেই সময় বাড়িতে ছিলেন না এবং ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়।

বিচার বিভাগ শুক্রবার জানিয়েছে, ভ্যান্সকে  হুমকির বিষয়টি তদন্ত করার সময় ম্যাথ্রেরের কাছ থেকে ‘শিশু যৌন নির্যাতনের একাধিক ডিজিটাল ফাইল’ পাওয়া গেছে।

শুক্রবার ওহাইওর উত্তর জেলার একজন মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে ম্যাথ্রে আদালতে হাজির হন।