বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাশিয়ার বাহিনীর চালানো একটি ‘বড় ধরনের হামলায়’ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গ্রিড অপারেটর।

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষ আলো ও তাপ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

রাষ্ট্রীয় গ্রিড অপারেটর ইউক্রেনেরগো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড স্থাপনাগুলোর ওপর আরেকটি বৃহৎ হামলা চালাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রু পক্ষের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে দেশের অধিকাংশ অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

ইউক্রেনেরগো জানায়, ‘বর্তমানে রাশিয়ার হামলা চলমান রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে, পুনরুদ্ধার কাজ শুরু করা হবে।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়া জানুয়ারি থেকে দুই দফা আলোচনা করেছে। আলোচনায় উভয় পক্ষ একটি বড় ধরনের বন্দী বিনিময়ে সম্মত হলেও, ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। 

উভয় পক্ষের মধ্যে এই ভূখণ্ডগত বিরোধ আলোচনার অন্যতম প্রধান জটিলতা হিসেবে রয়ে গেছে।

এছাড়া, মস্কো অভিযোগ করেছে যে শুক্রবার রাশিয়ার রাজধানীতে শীর্ষ এক সামরিক গোয়েন্দা জেনারেলের ওপর গুলিবর্ষণের পেছনে ইউক্রেনের হাত রয়েছে। 

ওই ঘটনায় ওই জেনারেল আহত হন। তবে এ বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি।