বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বারাক ও মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো একটি বর্ণবাদী ভিডিওসহ একটি পোস্ট শেয়ার করেন। যা মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষোভের জন্ম দিয়েছে। 

এরপর সমালোচনার মুখে পরে তা সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার গভীর রাতে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটির ওপর হোয়াইট হাউস প্রথমে ‘নকল ক্ষোভ’ হিসাবে আখ্যা দেয়। তবে পরে একজন কর্মী 'ভুলবশত' ভিডিওটি পোস্ট করেছিলেন বলে জানায়। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৎকালীন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ডেমোক্র্যাটরা ‘বর্ণবাদী’ ও ‘অপমানজনক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

রিপাবলিকান সিনেটররাও এই ভিডিওটিকে বর্ণবাদী বলে উল্লেখ করেছেন, যা ট্রাম্পের বর্ণবৈষম্যমূলক মন্তব্যের সমালোচনাকে আরও জোরালো করেছে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে রিপাবলিকান ট্রাম্পের পরাজয় নিয়ে ষড়যন্ত্র প্রচারকারী এক মিনিটের ভিডিওটির শেষের দিকে, ওবামা পরিবারকে প্রায় এক সেকেন্ডের জন্য বানরের শরীরে তাদের মুখ দেখানো হয়।

গত বৃহস্পতিবার রাতে আপলোড করা ভিডিওটিতে আরও বেশ কিছু পোস্টের মধ্যে মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে যে ব্যালট গণনাকারী সংস্থা ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে সহায়তা করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট প্রথমে বিতর্কটিকে গুরুত্ব না দিয়ে বলেন যে ছবিগুলি ‘একটি ইন্টারনেট মিম ভিডিও থেকে নেওয়া হয়েছে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে বনের রাজা এবং ডেমোক্র্যাটদের লায়ন কিং চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র হিসেবে দেখানো হয়েছে'। 

লিভিট এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘দয়া করে এই মিথ্যা প্রতিবাদ বন্ধ করুন এবং আজই এমন কিছুর করুন যা আসলে আমেরিকান জনসাধারণের কাছে গুরুত্বপূর্ণ।’