বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২

উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দেবে জাতিসংঘ

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি। সিউলের কূটনৈতিক সূত্র শুক্রবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া তাদের অস্ত্র কর্মসূচির কারণে বর্তমানে একাধিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটি রাষ্ট্রনিয়ন্ত্রিত স্থবির অর্থনীতি ও দীর্ঘদিনের খাদ্যসংকটেও ভুগছে।

সূত্রগুলো জানায়, উত্তর কোরিয়ায় মানবিক সহায়তার ১৭টি প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফের মত বড় আন্তর্জাতিক সংস্থা কিংবা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিওগুলো।

বিশ্লেষকদের মতে, এই ছাড়ের ফলে এসব সংস্থা উত্তর কোরিয়ায় পুষ্টি সম্পূরক, চিকিৎসা সরঞ্জাম ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা সরবরাহ করতে পারবে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাজনীতি বিবেচনা না করে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা পৌঁছাতে সিউল ‘বিভিন্ন প্রচেষ্টা’ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আমাদের সরকারের উদ্যোগে উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দেবে বলে আশা করি।

সূত্রগুলো জানায়, দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা উত্তর কোরিয়া বিষয়ে ‘নতুন অগ্রগতি’ শিগগিরই আসতে পারে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পর এই তথ্য জানা গেছে।

মন্তব্যটি আসে আগামী এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে আলোচনার সময়।

এদিকে, সিউল ও ওয়াশিংটন চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ’ এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিকল্পনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর আগে এ উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া শিগগিরই ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে। জানা যায়, গত পাঁচ বছরের মধ্যে এটি প্রথম।

কংগ্রেসকে সামনে রেখে দেশটির নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন।