বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

লেবাননের সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার বৈঠক

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): লেবাননের সেনা কমান্ডারের পূর্ব পরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল হওয়ার পর, শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন এই সপ্তাহে লেবাননের  সেনাপ্রধান  রডলফ হায়কালের  সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জোসেফ হোলস্টেড বিস্তারিত তথ্য না দিয়ে এক বিবৃতিতে বলেন, কেইন গত মঙ্গলবার হায়কালের সঙ্গে এবং তার আগের দিন কাতারের প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।’ 

এ সময় তিনি ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।’ 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হায়কালের ২০২৫ সালের নভেম্বর মাসে ওয়াশিংটন সফরের কথা ছিল। কিন্তু তার যাত্রা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে তাদের সমস্ত বৈঠক বাতিল করার পর সফরটি স্থগিত করা হয়। 

একটি সামরিক সূত্র সেই সময় এএফপিকে এ তথ্য জানিয়েছে।

যারা ওই বৈঠকগুলো বাতিল করেছিলেন, তাদের মধ্যে প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও ছিলেন। 

সিনেটর লিন্ডসে গ্রাহাম তখন হায়কালের প্রতি অভিযোগ করেছিলেন যে তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে ‘কোনো উদ্যোগ’ নেননি।

বৃহস্পতিবার গ্রাহাম এক্স-এ এক বার্তায় লেখেন, ‘লেবাননের সামরিক বাহিনী কি হিজবুল্লাহকে ‘একটি সন্ত্রাসী সংগঠন’ বলে মনে করে কি না— হায়কালকে এমন প্রশ্ন করার পর তিনি হঠাৎ করে তাদের বৈঠক সংক্ষিপ্ত করে দেন।’

লেবাননের সেনা গত মাসে ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছে, যা ইসরাইলি সীমান্ত ও লিতানি নদীর মধ্যে অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে।