বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪

জানুয়ারি মাসে এআই চিপ রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার রেকর্ড

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়া গত জানুয়ারি মাসে দেশটির সর্বকালের সর্বোচ্চ রফতানি অর্জন করেছে। আজ রোববার প্রকাশিত সরকারি তথ্যে এ খবর জানা গেছে। 

এটি মূলত দেশটির তৈরি চিপের ওপর নির্ভরশীল বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৃদ্ধির কারণে ঘটেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, জানুয়ারি মাসে ৬৫.৮ বিলিয়ন ডলারের রেকর্ড রফতানি হয়েছে, যা বিগত বছরের তুলনায় ৩৩.৯ শতাংশ বেশি এবং ইতিহাসে প্রথমবারের মতো এই মাসে ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা হিসেবে, দক্ষিণ কোরিয়ার পণ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এবং এসকে উভয়ই অক্টোবর-ডিসেম্বর সময়ে রেকর্ড ত্রৈমাসিক মুনাফা করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘সেমিকন্ডাক্টর রফতানি ২০.৫ বিলিয়ন ডলার হয়েছে, যা ১০২.৭ শতাংশ বৃদ্ধি এবং এটি মাসিক চিপ রফতানির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।’

এক মাস আগে, যখন দেশটি ২০.৮ বিলিয়ন ডলার মূল্যের চিপস রপ্তানি করেছে, তখন রেকর্ডটি তৈরি হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী পারফরম্যান্সের কারণে অটোমোবাইল রপ্তানি বছরে ২১.৭ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণায় সিউল হিমশিম খাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংসদকে তাদের বাণিজ্য চুক্তি অনুমোদন না দেওয়ার জন্য দোষারোপ করেছে।

সিউল এবং ওয়াশিংটন গত অক্টোবর মাসে একটি চুক্তি স্বাক্ষর করে। সিউল যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়ার বিনিময়ে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে কমানোর প্রতিশ্রুতি পায়।

গত নভেম্বরে সিউলের প্রেসিডেন্টের কার্যালয় জোর দিয়ে বলেছে, চুক্তিটির জন্য সংসদীয় অনুমোদনের প্রয়োজন নেই, যুক্তি দিয়ে বলেছে যে, এটি বাধ্যতামূলক আইনি দলিলের পরিবর্তে একটি সমঝোতা স্মারক।