বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক’ আলোচনা

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এক ‘গঠনমূলক’ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফ্লোরিডায় মার্কিন দূত স্টিভ উইটকফ রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বসার কথা রয়েছে। তার মাত্র একদিন আগেই ফ্লোরিডায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে উইটকফ বলেন, ‘ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ফ্লোরিডায় রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনে শান্তি স্থাপনে কাজ করছে, এই বৈঠকের মাধ্যমে আমরা এমন উৎসাহজনক বার্তা পেয়েছি।’

বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন।

আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি’কে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮ টায় (১৩০০ জিএমটি) এই বৈঠক শুরু হয়। এর আগে কিরিল দিমিত্রিভ মায়ামিতে পৌঁছান। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, তার বিস্তারিত তথ্য কোনো পক্ষই প্রকাশ করেনি।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূত দিমিত্রিয়েভ এর আগে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া, গত ডিসেম্বরেও তিনি মায়ামি সফর করে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে ইঙ্গিত দেন যে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কারণে আবুধাবির আলোচনা পিছিয়ে যেতে পারে। তবে সেই অনিশ্চয়তার মধ্যেই রোববার থেকে সেখানে দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে গত সপ্তাহের শুক্র ও শনিবার আবুধাবিতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছিল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। 

যুক্তরাষ্ট্রের দাবি, উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে কিয়েভের মতে, যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো সমঝোতায় আসা সম্ভব হয়নি।

এদিকে, ক্রেমলিন শুক্রবার জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে কিয়েভে হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছেন পুতিন। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামি রোববার শেষ হওয়ার কথা রয়েছে।